নেত্রকোণায় সমাজে দিন দিন বেড়ে চলা ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিকরা এতে অংশগ্রহণ করেন। শুক্রবার বাদ জুম্মা জেলা প্লেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাউফি রহমান খান পাঠান, সৈয়দ সাদিয়া ইসলাম এবং শ্রাবণ ইসলাম (সাধারণ শিক্ষার্থী)সহ এনসিপির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ সমাজে চরম অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার কার্যকর করা প্রয়োজন। পাশাপাশি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও উল্লেখ করেন তাঁরা।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও যুব সমাজ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল “নীরবতা নয়, প্রতিবাদ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে” এবং “নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে”।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

কামরুন্নাহার সুইটি 


























