ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইনসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২১ মে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে মোবারক বেপারী (৩৫) ও হাসমত মিয়া (৩৫)-কে ৫০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
পরবর্তীতে ২২ মে রাত ১টা ৩৫ মিনিটে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে শেখ মহিউদ্দিন আজম (৩০)-কে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া একইদিন সকাল ৬টা ৪০ মিনিটে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে জুনায়েত (২৪)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
অন্যদিকে ২১ মে রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার কুরগাঁও এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী দলের সদস্য মিজানুর রহমান (৩০) ও শাকিল আহম্মেদ (২৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোবারক বেপারীর বিরুদ্ধে ২টি মাদক মামলা, হাসমত মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং মিজানুর রহমানের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সাভার প্রতিনিধি: 


























