কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলার স্মৃতি পাড়া এলাকায় ভয়াল রূপ ধারণ করেছে ধরলা নদীর ভাঙন।
নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ শত শত পরিবারের বসতভিটা ও ফসলি জমি। ভাঙনের আতঙ্কে দিন কাটানো এলাকাবাসী এবার রাস্তায় নেমে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
শনিবার (১৬ মে) সকালে ধরলা নদীর বাম তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
এতে কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের হাতে ছিল নানা প্রতিবাদী প্ল্যাকার্ড।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক শাহানুর রহমান সৈকত, এনসিপি পাঁচগাছি ইউনিয়নের সদস্য সচিব মো. রাশেদ খান মিলন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনামুল হক, ইয়াকুব আলী ও আকতারুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ধরলা নদীর বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চললেও রহস্যজনকভাবে কদমতলার স্মৃতি পাড়া এলাকার প্রায় ৫০০ মিটার ভাঙনকবলিত অংশ কাজের বাইরে রাখা হয়েছে। প্রশাসনিক জটিলতার অজুহাতে দীর্ঘদিন ধরে এ অংশে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ভাঙনের ঝুঁকি বেড়েই চলেছে।
তারা আরও বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে চলে যেতে পারে।
তাই অবিলম্বে বালু ভরাটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 


























