জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাতভর আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে। ঘটনাটি আবারও দেশের একমাত্র পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
মঙ্গলবার রাতে ক্যাম্পাসের একটি সড়ক থেকে ওই শিক্ষার্থীকে টেনে পাশের ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে।
তবে এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে অভিযুক্তের মুখ শনাক্ত করা গেলেও তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ঢাকা জেলা পুলিশ অভিযুক্তের তথ্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছে।
ঘটনার প্রতিবাদে বুধবার রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে কয়েকজন নারী শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সঙ্গে বৈঠকে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—
৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার
ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
সব প্রবেশপথে প্রহরী মোতায়েন
ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত
নারী নিরাপত্তাকর্মী নিয়োগ
কাঠামোগত নিরাপত্তা ত্রুটি দ্রুত মেরামত
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী পুরো সময় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ২৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। তবে ক্যাম্পাসের পূর্ণাঙ্গ বাউন্ডারি ওয়াল না থাকা এবং একাধিক প্রবেশপথে সার্বক্ষণিক পাহারার অভাব নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে বলে স্বীকার করেন তিনি।
প্রায় ৭০০ একর আয়তনের এই আবাসিক বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে হাইওয়ে এবং আশপাশে স্থানীয় বসতি থাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলে দাবি প্রশাসনের।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঘাটতির বিষয়টি তুলে ধরা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অতীতেও ক্যাম্পাসে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২১ মে থেকে বিশ্ববিদ্যালয়ে টানা ২৫ দিনের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।

স্টাফ রিপোর্টার 


























