কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় গত ২৫ এপ্রিল রাতে ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ২৪ বছর বয়সী এক নারী শাহজালাল ওরফে মণ্ডল (২৭)-এর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শাহজালাল ভুক্তভোগীর স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে। পারিবারিক সম্পর্ক অনুযায়ী তাদের মধ্যে চাচি-ভাতিজার সম্পর্ক।
মামলার এজাহারে জানা যায়, ভুক্তভোগীর স্বামী জীবিকার তাগিদে বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করেন। দীর্ঘদিন ধরে স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাহজালাল ভুক্তভোগীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। এক পর্যায়ে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দিতেন বলে অভিযোগ।
ভুক্তভোগী জানান, ঘটনার দিন রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত জানালা দিয়ে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলী জানান, মামলা রেকর্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তায় অভিযান চলছে। তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কয়েক মাস আগে থেকেই অভিযুক্তের আচরণ নিয়ে এলাকায় সন্দেহ ছিল। তাকে কয়েকবার সতর্ক করা হলেও সে বিরত হয়নি। ঘটনার পর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে ভুক্তভোগী বলেন, “দীর্ঘদিন নির্যাতন সহ্য করার পর আইনের আশ্রয় নিয়েছি। সুষ্ঠু বিচার চাই।”
থানা পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রতন রায় 


























