কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিরাখাওয়ার পাড় গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার ও নিহতের স্বজনরা জানান, কয়সার আলী দীর্ঘদিন ধরে মৌসুমি ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার সকালে তিনি মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল পাড়তে যান। একপর্যায়ে গাছে উঠে কাঁঠাল সংগ্রহের সময় তার হাতে থাকা কাস্তে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে বিদ্যুতের তীব্র আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশী ও স্থানীয়রা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্টাফ রিপোটার 




















