ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার শামীমা পারভীন।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখা এবং চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়, এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সকলকে সচেতন হয়ে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় দ্যা রোজ গার্মেন্টস এবং স্কাইলিং গার্মেন্টস কর্তৃপক্ষ কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে জামগড়া পুলিশ ক্যাম্পের জন্য দুটি গাড়ি উপহার প্রদান করেন।
এ বিষয়ে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

সাভার প্রতিনিধি 




















