কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পান্ডুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে পান্ডুল বাজার জামে মসজিদ ও হাসপাতালের মধ্যবর্তী স্থান থেকে শুরু হওয়া এই সড়কটি পান্ডুল হাসপাতাল মাঠ অতিক্রম করে মেধা বিকাশ কিন্ডারগার্টেন, পান্ডুল উচ্চ বিদ্যালয় এবং পান্ডুল ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়।
সাম্প্রতিক বৃষ্টিপাতে সড়কটির বিভিন্ন স্থানে কাদাপানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রোগী ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করলেও দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। অনেক সময় পিছলে পড়ে দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। জরুরি চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যাওয়া রোগীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।

স্টাফ রিপোটার 




















