ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রোববার (১৯ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে বিভিন্ন সময়ে আশুলিয়া ও সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আশুলিয়া থানার টংগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শান্ত ইসলাম রহিম (২২)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে একই দিন রাত ১০টা ৩০ মিনিটে সাভার মডেল থানার শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন (৩১)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্যও ১৫ হাজার টাকা। পুলিশ জানায়, আলমগীরের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এছাড়া তৃতীয় অভিযানে ১৯ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মারমা (৪৫) ও তার স্ত্রী কালাবি চাকমা (৩৮)-কে ১ হাজার লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সাভার প্রতিনিধি 




















