ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মঞ্চসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (তারিখ) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ৯টা ২৬ মিনিটে এনসিপির কেন্দ্রীয় নেতারা কর্মসূচিস্থলে পৌঁছান। নেতাকর্মীরা মঞ্চে ওঠার ঠিক আগে বিদ্যুৎ চলে যায়। সে সময় অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। স্থানীয় দুই নেতার সংক্ষিপ্ত বক্তব্যের পর রাত পৌনে ১০টার দিকে দর্শক গ্যালারিতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান জানান, চারজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আহত শাহীন খন্দকারের বাম পায়ে গভীর ক্ষত হয়েছে এবং তার আঘাত তুলনামূলক গুরুতর।
হাসপাতালে চিকিৎসাধীন শাহীন খন্দকার জানান, তিনি এনসিপির কর্মী এবং মঞ্চের সামনের সারিতে দর্শক গ্যালারিতে বসেছিলেন। বিস্ফোরণে তার বাম পায়ের নিচের অংশে গুরুতর আঘাত লাগে।
অপর আহত মো. জসিম আলী বলেন, তিনি এনসিপির কর্মী নন। প্রতিদিনের মতো সেখানে ঘুরতে গিয়ে অনুষ্ঠান দেখতে দাঁড়িয়েছিলেন। এ সময় তার সামনেই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে তার আঙুলে জখম হয়।
এনসিপির মিডিয়া উইংয়ের দাবি, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় মঞ্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
থানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সমাবেশ শুরু হওয়ার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রশাসনিক সহযোগিতায় এ হামলা হয়েছে বলে তাদের সন্দেহ। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ প্রশাসনের দায়িত্ব। কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

সাভার প্রতিনিধি 



















