ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮ জুন রাত ৮টা ৪৫ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার করা হয় মোঃ খোকন (২৬)। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার অর্জুনা গ্রামের মোঃ মঈনউদ্দিন মন্ডলের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া থানার চিত্রাশাইল (কাঠালতলা) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়, যার ব্যারেলে ইংরেজিতে “MADE IN PAKISTAN” লেখা রয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি রাউন্ড রিভলবারের গুলিও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-৫৫, তারিখ ০৯/০৬/২০২৬) রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি (উত্তর) জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভার প্রতিনিধি 




















