ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ১১ মে রাত ৯টা ১০ মিনিটে সাভার মডেল থানার সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এরপর রাত ৯টা ৪৫ মিনিটে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
একই রাতে ১২ মে রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আঁখি বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরে ভোর ৪টা ৩০ মিনিটে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে আজিজ (১৯) নামের এক যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
সর্বশেষ ভোর ৫টায় সাভারের যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে আঃ শুক্কুর (৫৪) ও হাসি আক্তার (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ নম্বর আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলা এবং ১ ও ৫ নম্বর আসামীর বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার প্রতিনিধি 


























