চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে তিন শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. শাহীন উদ্দীন (৩৮) উপজেলার পশ্চিম হাসনাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি ইবতেদায়ি মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন মাদ্রাসার পাঠদান চলাকালে দ্বিতীয় শ্রেণির কয়েকজন ছাত্রীকে অনৈতিকভাবে স্পর্শ ও শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরদিন ১৫ জুন সকালে মাদ্রাসা কার্যালয়ে পরিচালনা পরিষদ, স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযোগের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া হলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উপস্থিত সূত্র দাবি করে।
এরপর স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে প্রকাশ্যে জুতাপেটা ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়—যেখানে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করা হয়েছে বলে জানা গেছে।
তবে স্থানীয়দের একাংশ এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেছেন, এমন গুরুতর অভিযোগ শুধুমাত্র সামাজিক শাস্তি বা বহিষ্কারের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নাজিম উদ্দীন 




















