মহান মে দিবসের শ্রমিক সমাবেশে নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে চাইলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি বলেন, “আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন, তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।”
তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে শ্রমিকসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং দেশের অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, সবকিছুর লক্ষ্য একটাই — দেশ গড়া, আর সেই লক্ষ্যেই শ্রমিকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করার নির্দেশনা দিয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো চালু করা হবে যাতে শ্রমিকরা কাজে ফিরতে পারেন।
এছাড়া শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন, কৃষকদের ১০ হাজার টাকা ঋণ ইতোমধ্যে মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড প্রদানের কাজও চলছে। গ্রামাঞ্চলে সেচ সংকট কমাতে খাল খননও শুরু হয়েছে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, শুধু হকার উচ্ছেদ করলেই চলবে না, তাদের কর্মসংস্থানও নিশ্চিত করতে হবে। শ্রমিক ও কৃষকদের ভাগ্য পরিবর্তন হলেই বদলে যাবে বাংলাদেশের ভাগ্য।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।