কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিলমারীর বাস্তবায়নে এবং স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
পুষ্টি সপ্তাহকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা সুস্থ জীবনের পূর্বশর্ত। বিশেষ করে শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পর্যায়ে পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে জনস্বাস্থ্য উন্নয়নে তা কার্যকর ভূমিকা রাখবে।