সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ পালনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দিনব্যাপী আলোচনা সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) শাকিব জামাল, দফতর সম্পাদক মো. জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ, ২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ৪ মে ‘মিট দ্যা প্রেস’-এর মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিতকরণ, ৫ মে সরকারি-বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সোর্সদের সঙ্গে সম্পর্ক জোরদার, ৬ মে ঢাকায় সমাবেশ উপলক্ষে যাত্রা এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ও সাংবাদিক সমাবেশ।

সংগঠনের পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে নিজ নিজ সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে কার্যকর, নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো গড়ে তুলতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এ বহুমাত্রিক পেশাজীবীদের সমন্বয়ে সদস্যপদ প্রদানের একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, গবেষক, ধর্মীয় নেতা, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নারী ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

সভায় সংগঠন ও সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।