কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের আম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমজমাট জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা পরিচালিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে এখানে জড়ো হয় এবং প্রকাশ্যেই জুয়ার আসর বসায়। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যুবসমাজ বিপথে যাচ্ছে। অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অবৈধ জুয়ার আসর বন্ধ করে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।