কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিংয়ের মাধ্যমে মাছ শিকারের দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, অবৈধভাবে ইলেক্ট্রোফিশিংয়ের মাধ্যমে মাছ শিকারের অভিযোগে মো. মিলন ও মো. সাকিলকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উভয়েই কাজিয়ার চর এলাকার হোসেন আলী মুন্সির ছেলে।
ভ্রাম্যমাণ আদালত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩(৩)(খ) ধারা লঙ্ঘনের দায়ে ৫(১) ধারায় এ জরিমানা করেন।
অভিযানে প্রসিকিউশন দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামিমা আক্তার। সহযোগিতা করে সাহেবের আলগা পুলিশ ফাঁড়ি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।