কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নামদানীটারী গ্রামে দীর্ঘদিনের জমিজমা বিরোধ নতুন মোড় নিয়েছে। আদালত থেকে জারি হওয়া সমন হাতে পাওয়ার পরই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মামলার বাদী শ্রী কৌশিক চন্দ্র সিংহের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন। ঘটনায় আজ ৫ সেপ্টেম্বর নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ২৪২) দায়ের করা হয়েছে।

থানার জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী কৌশিক চন্দ্র সিংহ (৩২) দীর্ঘদিন ধরে একই এলাকার শ্রী জগন্নাথ সিংহ (৩৭), অর্জুন চন্দ্র সিংহ (২৮), শ্যামা প্রসাদ সিংহ (৫৬) ও শ্রীমতি দীপ্তি রানী (৩০)-এর সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। বিগত ১ সেপ্টেম্বর তিনি নাগেশ্বরী আমলী আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’ ও দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৬(২) ধারায় মামলা (সি.আর-৩৩০/২৬) দায়ের করেন। আদালত থেকে আসামিদের বিরুদ্ধে সমন জারি হয়।

অভিযোগ অনুযায়ী, আজ দুপুর ১২টার দিকে আদালতের সমনবাহক মোঃ আবু বক্কর (৪৩) আসামিদের কাছে সমন পৌঁছে দিলে ১ নম্বর আসামী জগন্নাথ সিংহসহ অন্য আসামীরা বিক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সরাসরি কৌশিক চন্দ্র সিংহের বাড়িতে গিয়ে দফায় দফায় হামলা চালান। এতে টিনের বেড়াসহ বাড়ির বিভিন্ন অংশের আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি হয়। একই সঙ্গে তারা কৌশিককে মামলা প্রত্যাহার না করলে ‘হত্যা করে লাশ গুম করার’ হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার সময় ভুক্তভোগীর মাতা শ্রীমতী সাবেত্রী রানী (৫৮), নোটিশ প্রদানকারী আবু বক্কর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সামনেই বিবাদীরা এসব হুমকি প্রদান করে চলে যান। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে কৌশিক চন্দ্র সিংহ নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছেন।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তবে স্থানীয় মহল থানা-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলার স্বার্থে এ ধরনের আদালত-বিরোধী কর্মকাণ্ড ও ভীতি প্রদর্শন যেন বিচারহীন না থেকে যায়, সে বিষয়ে তদারকি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।