কুড়িগ্রামের উলিপুরে ১১ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হাবিবুর রহমান (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দলদলিয়া ইউনিয়নের দেকলা পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার দলদলিয়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের মোমিতি নূরানী মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল ওই শিশু। সে মাদ্রাসাটিতে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মাদ্রাসার পড়াশোনা শেষে শিশুটি ঘুমিয়ে পড়ে। পরদিন ১২ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটির কাছে গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সেখানে শিশুটিকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তপাত দেখা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে সকালে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় শিশুটির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মো. হাবিবুর রহমানকে আটক করেছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান , আসামিকে গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।