কুড়িগ্রামের আলোচিত প্রেমিক কবির হোসেন। অবশেষে দিন পর জামিনে মুক্তি পেয়েছেন রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে কারাগার থেকে মুক্ত হন তিনি। তার মুক্তিকে ঘিরে এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস আলী। এছাড়া কবিরের জ্যাঠা আবুল হোসেন জানান, শনিবার আদালত কবির হোসেনের জামিন মঞ্জুর করলে রোববার সকালে তিনি কারামুক্ত হন।

জানা যায়, ভালোবাসার টানে প্রেমিকা জুইকে নিয়ে ঘর ছেড়েছিলেন কবির হোসেন। একসঙ্গে নতুন জীবন গড়ার স্বপ্ন থাকলেও সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের আপত্তি। পরে কবিরের বিরুদ্ধে রৌমারী থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

গত ৭ মে ইউনিয়ন পরিষদে আয়োজিত এক আপোষ-মীমাংসার বৈঠকে তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।