কুড়িগ্রাম ভায়া চিলমারী থেকে ঢাকা গামী সরাসরি বাস চলাচল না থাকায় আসন্ন ঈদ যাত্রায় বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতুর কাঙ্খিত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন চিলমারী উলিপুরসহ কুড়িগ্রামবাসী। গাইবান্ধা হয়ে সরাসরি চিলমারী,উলিপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী যাতায়াতে মাওলানা ভাসানী সেতু দিয়ে দূরপাল্লার বাস চলাচল এখনও শুরু করা হয়নি। কারন হিসেবে সরকার পাড়া মোড়ে বাস কাউন্টারের ম্যানেজার তছলিম উদ্দিন বলেন, কুড়িগ্রাম মটর মালিক ও গাইবান্ধা মটর মালিকদের মধ্যে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গাইবান্ধা দিয়ে আমাদের বাস গুলো চলাচল মূল বাধা হয়ে দাড়িয়েছে। তাই আসন্ন ঈদে বাড়ি ফেরা মানুষের নির্বিঘœ যাত্রায় ভোগান্তির সৃষ্টি হয়েছে । বিশেষ করে জীবন-জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা শ্রমজীবি, ব্যবসায়ী, চিকিৎসা সেবাগ্রহণকারীসহ উচ্চ শিক্ষা গ্রহণকারীদের মাঝে মাওলানা ভাসানী সেতু নিয়ে কাঙ্খিত সুবিধা নিয়ে বিরুপ মনোভাব সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম জেলার উত্তরাঞ্চল, চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকার মানুষ প্রত্যাশিত যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক সুবিধা না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি দিয়ে স্বল্প দূরত্বের যান-বাহন, অটোরিক্সা, সিএনজি, ট্রাক, বাস চলাচল করলেও সংযোগ সড়কের অসম্পূর্ণতা, যানবাহন চলাচলে দুই জেলার মটর মালিকদের মত বিরোধ চিলমারী থেকে ঢাকা যাতায়াতকারীরা রীতিমত ভোগান্তিতে রয়েছেন। চিলমারী উপজেলা প্রকৌশলীসহ উর্ধতন কর্মকর্তাদের নানান ছলচাতুরীতে অবকাঠামোগত দুর্বলতায় রাস্তায় ধ্বস ও প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনার অভাবে অহরহ দূর্ঘটনা ঘটছে। ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, সড়ক সংস্কার ও সংযোগ ব্যবস্থার দুর্বলতায় পণ্য পরিবহনে এখনো সময় ও ব্যয় দুটোই বেশি লাগছে।
চিলমারী ও আশপাশের এলাকার বাসিন্দাদের মতে, ব্রহ্মপুত্রপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর আশায় প্রায় ৭৩১ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ ও সংযোগ সড়ক নির্মাণ ও মেরামত বাবদ সারে ১০ কোটি টাকা ব্যয় করা হলেও বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই নির্মিত সড়কের পাশ ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। যার ফলে ঝুকিপূর্ন ভাবেই এ রাস্তা দিয়ে স্বল্প দূরত্বের যানবাহন চলাচল করছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাস মালিকদের মতবিরোধ দূর করে জনস্বার্থে এ রুটে দূর পাল্লার বাস গুলোর সরাসরি চিলমারী-ঢাকা চলাচলের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আসন্ন ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা থেকে মাওলানা ভাসানী সেতু হয়ে চিলমারী পর্যন্ত সরাসরি দূর পাল্লার বাস সার্ভিস চলাচলের দ্রুত ব্যবস্থা গ্রহণে যোগাযোগ মন্ত্রীর নিকট এলাকার সকল স্তরের মানুষ জোর দাবী জানিয়েছেন।
আবু ওবায়দুল হক খাজা
চিলমারী প্রতিনিধি
মোবাঃ০১৭৬৭৫০৮০৬৮