শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ না করলে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে মারাত্মক ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। যা সারা দেশের সবার দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মন্তব্যের নিন্দা জানাই। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাই।
তারা আরও বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কাজেই তিনি মন্ত্রিপরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, শিক্ষার্থীরা বেলা ২টার পরপর মহাসড়কে নেমলে তাদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তুলে দেয়ার চেষ্টা করেছি।