ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী/ডাকাত দলের ২ সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ১৯ মে ২০২৬ রাত ৭টা ১০ মিনিটে সাভার থানার আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (১৮)-কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
একইদিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)-কে গ্রেফতার করা হয়।
অপরদিকে রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানার পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রিনা রানী পার (৩৮)-কে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।