আসন্ন বজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। তবে এবার বজরা ইউনিয়নে নতুন এক মাত্রা যোগ করেছেন তরুণ ও উদীয়মান নেতৃত্ব হিসেবে পরিচিত তরুন সমাজসেবক সাগর। তিনি বজরা ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের এই প্রতিনিধি ইতোমধ্যে ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। বাবার উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাকে অব্যাহত রাখতে এবং বজরা ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এলাকার তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সাগরের মতো একজন শিক্ষিত, নম্র ও দূরদর্শী তরুণ নেতাকে তারা আগামীতে ইউনিয়নের নেতৃত্বে দেখতে চান। তাদের মতে, বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার যেভাবে এলাকার রাস্তাঘাট ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছেন, তার ছেলে সাগর সেই ধারাকে আরও বেগবান করতে পারবেন। তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সাগরের কোনো বিকল্প নেই বলে মনে করছেন তারা।
নিজের প্রার্থী হওয়ার আগ্রহ প্রসঙ্গে সাগর জানান, “বাবার পাশে থেকে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখ এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা খুব কাছ থেকে দেখেছি। বজরা ইউনিয়নের মানুষ আমার পরিবারের ওপর যে আস্থা রেখেছেন, আমি তরুণদের শক্তি ও মেধা কাজে লাগিয়ে সেই আস্থার মর্যাদা দিতে চাই। প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের নতুন ভাবনাকে কাজে লাগিয়ে আমি বজরা ইউনিয়নকে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বজরা ইউনিয়নে সাগরের সমর্থনে সাধারণ মানুষ ও বিশেষ করে যুবসমাজের মাঝে এক অন্যরকম উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে তরুণ এই প্রার্থী ভোটারদের মাঝে বড় ধরনের চমক সৃষ্টি করতে পারেন।