আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম শামীম। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই রাজনৈতিক ব্যক্তিত্ব ইতোমধ্যেই পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই মোঃ আব্দুর রহিম শামীম গরিব, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পাশাপাশি খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় জনগণের দাবি, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে শামীম পৌরবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে মোঃ আব্দুর রহিম শামীম বলেন, “ছাত্রজীবন থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। গরিব, অসহায় ও মেহনতি মানুষের ভালোবাসা এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগণের উৎসাহ-অনুপ্রেরণায় আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, পৌর নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সেবা প্রদানই হবে তার মূল লক্ষ্য।

এদিকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মোঃ আব্দুর রহিম শামীমের নাম ঘোষণার পর থেকেই পৌর এলাকায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, তরুণ ও জনসম্পৃক্ত নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।