ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত একটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধারসহ পাঁচজন কথিত তক্ষক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শনিবার (৫ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জুলাই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. মঞ্জুরুল হোসেন (৩৮), মো. হযরত আলী রিপন (৩৯), মো. আব্দুর রহিম (৪২), মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং মো. সাগর শেখ (৪০)-কে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি ধূসর রঙের, প্রায় ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের তক্ষক উদ্ধার করা হয়েছে। প্রাণীটি পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে তৃতীয় আসামি মো. আব্দুর রহিমের বিরুদ্ধে পূর্বে একটি অন্যান্য মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।