ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন ও ৫০০ পুড়িয়া হেরোইনসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ধামরাইয়ের সূয়াপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ওরফে হানিফ (২৭) ও সাব্বির (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১১ গ্রাম হেরোইন ও নগদ ১ হাজার ১৫০ টাকাসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া ধামরাইয়ের সুতিপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এরশাদ (২২) ও সোহেল (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন দেওয়ান (৩৫) ও রুবেল (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ইছহাক আলী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,

গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।