ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ১৩ মে রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়ামিন ইসলাম রাজ (২৩) ও আদর মৃধা ওরফে মতিউর (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ হাজার ৮০০ টাকা।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে জুলহাস (৩৮) ও রাকিব (২৫) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এছাড়া ১৪ মে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মর্তুজা আহম্মেদ রায়হান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামীর বিরুদ্ধে ২টি এবং ৩ নম্বর আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।