সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি অনলাইন পোর্টালে কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
প্রতিবাদলিপিতে এসিল্যান্ড মোঃ আরিফুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি দায়িত্ব পালনের সময় তিনি সর্বদা আইনানুগ ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করেন। ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা কাউকে হয়রানি করার মতো কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনো জড়িত নন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন। করে তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। প্রকাশিত সংবাদে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি।
প্রতিবাদে তিনি জানান, সরকারি কর্মকর্তা হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সচেতন মহল বলছে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। সঠিক অনুসন্ধান ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।