কুড়িগ্রামের উলিপুর সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে আনুমানিক ৬ থেকে ৭ বছর বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে নিরাপদে উলিপুর থানার হেফাজতে নেওয়া হয়।

শিশুটি জানায়, তার নাম ইয়ামি। তার বাবার নাম শাহিন। সে একটি ব্র্যাক স্কুলে পড়াশোনা করে এবং তাদের গ্রামের নাম ‘চর’ বলে উল্লেখ করেছে। তবে সে বর্তমানে তার বাবা-মায়ের অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

জানা গেছে, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে উলিপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় এসেছিল। কোনো একসময় পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সে তাদের আর খুঁজে পায়নি।

বর্তমানে শিশুটি উলিপুর থানায় নিরাপদে রয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক শিশুটির প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করেছেন এবং পিতৃতুল্য স্নেহ ও যত্নের সঙ্গে তার পরিবারের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যদি কোনো ব্যক্তি শিশুটির পরিবার বা অভিভাবকদের সম্পর্কে তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত উলিপুর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।