ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ২০০ পুড়িয়া হেরোইনসহ মোট ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ৯ মে রাত ৯টায় ধামরাই থানার জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে নাজমা (৪৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

একই দিন রাত ১০টা ২০ মিনিটে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান তুহিন (৩৪) ও সাদ্দাম হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পরে রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার কান্দাইল এলাকায় আরেকটি অভিযান চালিয়ে জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া ১০ মে রাত ১২টা ৩০ মিনিটে সাভারের হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আকরাম বিশ্বাস (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নাজমার বিরুদ্ধে ৪টি এবং মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ২টি করে মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।