ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মোট ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে অংশ নেন বিভিন্ন টিমের এসআই ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, ৮ মে বিকেল ৫টা ৩০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কারিজুল ইসলাম মানিক (৩৩), জামেনা (৩৩), মাছুমা আক্তার বিজলী (৩২), মজনু মিয়া (৩৮) ও রনজু মিয়া (৪৫)। এসময় তাদের কাছ থেকে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়ার পারাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাফর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
একই দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আশুলিয়ার গাজীরচট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোঃ শাহজালাল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ৯ মে রাত ১২টা ৪৫ মিনিটে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৬ নম্বর আসামী মোঃ জাফরের বিরুদ্ধে পূর্বে ৮টি এবং ৮ নম্বর আসামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।