স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদের জেরে দায়ের করা মানহানির মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৫ জুন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে মেহেদী হাসানসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন অগ্রযাত্রা প্রতিদিন-এর বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

এদিকে সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তারের ঘটনায় শনিবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে তার কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্রযাত্রা প্রতিদিন-এর চার সাংবাদিককে ঘিরে সৃষ্ট ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করছেন এবং আশা করছেন সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত সাংবাদিকের দ্রুত মুক্তি কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের বিভেদ, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না করে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি নিজের সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তবে এ বিষয়ে গ্রেপ্তারকৃত সম্পাদক মেহেদী হাসান বা মামলার অন্য আসামিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে সম্পাদক গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনাটির আইনানুগ, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির দাবি জানিয়েছে।