ঢাকার সাভারে হকার উচ্ছেদ অভিযান চলাকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৮ মে) বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় আনসার-ভিডিপির পাঁচ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি। অভিযানের অংশ হিসেবে হকারদের বিকল্প স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছিল।

বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে অভিযান চলাকালে একদল হকার লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচ সদস্য আহত হন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় সুপার মেডিকেল হাসপাতালে একজন এবং ল্যাব জোন হাসপাতালে দুইজনকে ভর্তি করা হয়েছে। অপর দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে রাখা হয়েছে।

ঘটনার পর আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সাভার থানা পুলিশ দুইজনকে আটক করেছে।

বাহিনীর পক্ষ থেকে আহত সদস্য ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।