“মাদক থেকে দূরে থাকুন, সুস্থ জীবন উপভোগ করুন” এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধে এক বিশাল সচেতনতামূলক প্রচার অভিযান ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।

সমাজ থেকে মাদক, দাদন (সুদবাণিজ্য) ও দুর্নীতির মতো কালব্যাধি নির্মূলে বিদ্যানন্দ ইউনিয়ন আহ্বায়ক কমিটি এই ব্যতিক্রমী আয়োজন করে। এতে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

রেলি বিদ্যানন্দ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো”, “মাদকের দামে বাঁচে না ঘর, মাদক ছাড়ো সবার আগে”– জাতীয় স্লোগান দেয়। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া পড়ে যায়। শিক্ষার্থীরা জানায়, তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে বাঁচাতেই তারা রাজপথে নেমেছে।

রেলি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। পাশাপাশি গ্রামীণ অঞ্চলে দাদন বা সুদের ব্যবসায় নিম্নআয়ের মানুষ নিঃস্ব হচ্ছেন। এসব সামাজিক অপরাধ দমনে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে জনগণকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি- মো: নজরুল ইসলাম, সভাপতি, ‘মাদাদুক’ (মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি), রাজারহাট, কুড়িগ্রাম

প্রধান আলোচক – আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক, ‘মাদাদুক’, রাজারহাট

বিশেষ অতিথি -অ্যাডভোকেট রায়হানুল কবির কানন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ফখরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বিদ্যানন্দ ইউনিয়ন কমিটি। সঞ্চালনায় ছিলেন মো: মাহবুব রশীদ বাবু (প্রধান শিক্ষক ও সদস্য সচিব, বিদ্যানন্দ ইউনিয়ন কমিটি)।

সমাপনী বক্তব্যে সভাপতি বিদ্যানন্দ ইউনিয়নকে সম্পূর্ণ মাদক, দাদন ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এ লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।