সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী অন্তর (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মহব্বত কবির। এরআগে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় মামলার দুই নম্বর আসামী দেলোয়ার হোসেন ওরফে দিলু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত অন্তর ঢাকা জেলার ধামরাই থানার বাসনা গ্রামের মোঃ সুজন ও দিলশান আরা অনিমা দম্পতির ছেলে। পুলিশ জানিয়েছে, অন্তর দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে তার মায়ের সহযোগিতায় প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত অন্তরের। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার ইচ্ছার কথা জানান ভুক্তভোগী। তখন অন্তর জানায়, তার মা অনিমা বিদেশে পাঠানোর বিষয়ে সহযোগিতা করতে পারবেন।

পরবর্তীতে অন্তর তার বন্ধু দেলোয়ার হোসেন ওরফে দিলু এবং মা অনিমাকে নিয়ে রাজফুলবাড়িয়া এলাকায় ভুক্তভোগীর ভাড়া বাসায় যায়। সেখানে অনিমা ভুক্তভোগীর বাবার সঙ্গে কথা বলে বিদেশ পাঠানোর জন্য জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি সংগ্রহ করে চলে যান। তবে অন্তর ও দেলোয়ার বাসায় থেকে যায়।

অভিযোগ রয়েছে, পরে বিদেশ পাঠানোর সহযোগিতার কথা বলে সুযোগ বুঝে ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তারা।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মহব্বত কবির বলেন, “গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামী দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।