কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল এলাকায় অবৈধ জাল বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। আজ ০৬ মে ২০২৬, বুধবার পরিচালিত এই মোবাইল কোর্টে অবৈধভাবে মৎস্য আহরণে ব্যবহৃত বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।

‎অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে চাকিরপশার বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য অফিসার, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।

‎উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ জালের ব্যবহার বন্ধে জেলে ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।