ঢাকার সাভারের বিরুলিয়ায় বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা এর বিরুলিয়া পুলিশ ক্যাম্প।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পাখি বেগম (৪২) ও মো. আরিফ মিয়া (২৫)। পাখি বেগমকে এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
রবিবার (৭ জুন) বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের আটক করে তল্লাশি চালিয়ে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ হাজার ৮০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় এলাকায় মাদক ব্যবসায় জড়িত হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আল আমিন জানিয়েছেন, এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।